শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং উন্নত সমাজ বিনির্মাণের প্রধান চালিকাশক্তি। সুশিক্ষা মানুষকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে এবং তাকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। বর্তমান যুগে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই; তাই সময়োপযোগী ও মানসম্মত শিক্ষা প্রদান আমাদের প্রধান অঙ্গীকার।
অত্র বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধান শিক্ষকের সুদক্ষ নেতৃত্ব এবং গভর্নিং বডির সার্বিক সহযোগিতায় শিক্ষক-শিক্ষিকাগণ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সচেষ্ট রয়েছেন। আমরা বিশ্বাস করি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রয়াসের উপর।
শ্রেণিকক্ষে আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতির প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা ও নৈতিক চেতনা বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রমও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে।
আমাদের লক্ষ্য কেবল পাঠ্যসূচি সম্পন্ন করা নয়; বরং শিক্ষার্থীদের আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। বিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীর সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করি।
— সহকারী প্রধান শিক্ষক
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়